বাগেরহাটের সন্তান পেসার রুবেলের বিরুদ্ধে মামলা দায়েরর পর শনিবার রাত থেকে রুবেলের নিজ শহর বাগেরহাট জুড়ে ক্রীড়া অঙ্গনসহ চায়ের দোকান পযর্ন্ত ক্রিকেট প্রেমীদের মধ্যে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। তবে রুবেল এ ধরনের ঘটনার শিকার হবে তা ছিল সকলের কল্পনার বাইরে। বাগেরহাট শহরের বিভিন্ন স্থানে জাতীয় দলের পেসার রুবেলকে নিয়ে আলোচনা চলছেই।
এ বিষয়ে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, রুবেল দীর্ঘদিন ধরে উন্মোচন ক্লাবে কৃতিত্বের সাথে ক্রিকেট খেলেছে। আমার নিজের এলাকায় ছোট থেকে সে বড় হয়েছে। অত্যন্ত নম্র ও বিনয়ী প্রকৃতির ছেলে রুবেল। মিডিয়ার মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে আমার কাছে বিষয়টি ব্ল্যাবমেইলিং ছাড়া অন্য কিছু নয়। তার ক্যারিয়ার নষ্ট করতে সুপরিকল্পিত ভাবে এ চক্রান্ত করা হয়েছে বলে আমার বিশ্বাস। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
রুবেলের বন্ধু বাগেরহাটের ক্রিকেটার মো: আবু তাহের বলেন, রুবেলের বিরুদ্ধে যে অভিযোগে মামলা হয়েছে তা ষড়যন্ত্র ও পরিকল্পিত। ছোট বেলা থেকে আমি ওর সাথে ক্রিকেটই খেলছি না ওর এমন কোন ব্যক্তিগত বিষয় নেই যা আমার অজানা। আমার শতভাগ বিশ্বাস রুবেলকে ফাঁসানো হয়েছে। রুবেল এ ধরনের নোংরামির সাথে জড়িত না বলে দাবি করেন তিনি।
