ভারতে পাচার হয়ে যাওয়া ৪৮ নারী দুই বছর পর সোমবার সন্ধায় বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছেন। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশানের কাছে।
মুম্বাই ভিত্তিক বেসরকারি সংস্থা রেসকিউ ফাউন্ডেশন ও মানবাধিকার সংগঠন রাইটস যশোর-এর প্রচেষ্টায় এ সব নারী দেশে ফিরে এসেছে।
গার্মেন্টসে চাকরিরত সহকর্মীর প্রলোভনে পড়ে বেশি বেতনে চাকরির আশায় এ সব নারী সীমান্তের অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। কিন্তু সেখানে পাচারকারীরা তাদের বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করতো। পরে রেসকিউ ফাউন্ডেশন তাদের উদ্ধার করে প্রায় এক বছর তারা নিজেদের শেল্টারহোমে রাখে।
রবিবার রাতে এই নারীদের মুম্বাই থেকে পশ্চিমবঙ্গের হাওড়ায় নিয়ে এসে সোমবার সন্ধায় তাদের বাংলাদেশে পাঠানো হয়েছে। এ সময় ভারতের রেসকিউ ফাউন্ডেশনের সুপারিনটেনডেন্ট লীনা জাভেদ তার সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক জানান, রেসকিউ ফাউন্ডেশন থেকে চিঠি পাওয়ার পর সংগঠনের পক্ষ থেকে পাচারের শিকার নারীদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য হোম ইনভেসটিগেশন করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য অনুমতি নেওয়া হয়। যার ভিত্তিতে মন্ত্রণালয় ৪৮ নারীকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার অনুমতি প্রদান করে। তিন থেকে ছয় মাস আগে এ সব অনুমতি পাওয়া গেলেও ভারতীয় কর্তৃপক্ষের কাজ দেরি হওয়ায় ঐ নারীদের ফিরে আসতে একটু সময় বেশি লেগেছে। তিনি আরো জানান, ফিরে আসা এ সমস্ত নারীদের স্থানীয় পুলিশ স্টেশনে জিডিইর মাধ্যমে রাইটস যশোরের হেফাজতে নেওয়া হবে। তাদের কিছুদিন শেল্টারহোমে রাখার পর যার যার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
ফিরে আসা নারীদের মধ্যে রয়েছে যশোর ও নড়াইল জেলার ৯ জন করে, সাতক্ষীরা জেলার ৬ জন, গাজীপুর জেলার ৪ জন, ঢাকা, রংপুর, রাজবাড়ি, পিরোজপুর ও বাগেরহাট জেলার ২ জন করে এবং অন্যরা গাজীপুর, সিলেট, কক্সবাজার, গোপালগঞ্জ, মাদারীপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মানিকগঞ্জ জেলার নাগরিক।
