খুনিদের বিচারের দাবিতে চবি ভিসি ৩ ঘণ্টা অবরুদ্ধ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ০০:৫৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তাপসের হত্যাকারীদের বিচারের দাবিতে তিন ঘন্টা অবরুদ্ধ হলেন ভিসি। গতকাল সোমবার সকাল থেকে ক্যাম্পাসে মিছিল করে ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিএফসির নেতাকর্মীরা। এসময় ভিসি ও প্রক্টর বিরোধী স্লোগান দেয় তারা। এসময় উত্তেজনা বিরাজ করে ক্যাম্পাস জুড়ে। দুপুর দেড়টায় প্রশাসনিক ভবন অবরুদ্ধ ও জানালার কাঁচ ভাংচুর করে সিএফসি।

তারা জানান, হত্যা মামলা না নেওয়ায় ও প্রক্টরের পদত্যাগ দাবিতে তাদের এই অবরোধ কর্মসূচি। ছাত্রলীগের নামধারী উপাচার্য মদদপুষ্ট কতিপয় ছাত্র এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তাদের সাথে শিবিরের আঁতাত রয়েছে বলেও দাবি করেন তারা।
এদিকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে তাপস নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের নামে হাটহাজারী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করে। কিন্তু রবিবার সিএফসির নেতাকর্মীরা হত্যা মামলা করতে গেলে হাটহাজারী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা তা নিতে অনীহা প্রকাশ করেন।
এ প্রসঙ্গে সিএফসির নেতা সুমন মামুন বলেন, প্রকাশ্য দিবালোকে একটি ছাত্রকে গুলি করে মেরে ফেলা হল অথচ কোন হত্যা মামলা না হওয়ায় প্রমাণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর সাথে জড়িত। রবিবার সংঘর্ষ চলাকালীন সময়ে প্রক্টরিয়াল বডির কেউ সেখানে উপস্থিত ছিল না। তাই আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি।

উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন, মামলা নেয়া না নেয়া পুলিশের ব্যাপার। প্রক্টরের বিরুদ্ধে তাদের দেওয়া অভিযোগ তদন্ত করে দেখা হবে।