যশোরে বেপরোয়া ট্রাক প্রাণ নিল মাদ্রাসা ছাত্রের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ০১:০৫

গতকাল (সোমবার) সকাল সাড়ে ৮টায় ঝিকরগাছা উপজেলার পারবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় মাদ্রাসা ছাত্র নূর হামিম (৭)। মাস্টার সিরাজুল ইসলাম মোটর সাইকেলে শিশুপুত্র নূর হামিমকে মাদ্রাসায় পৌঁছে দিতে যাবার সময় একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় নূর হামিম। মারাত্মক আহত তার পিতাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে যশোরে ট্রাকের বেপরোয়া গতিকে থামানো যাচ্ছে না। একের পর এক দুর্ঘটনা ঘটিয়েই চলেছে। এসব ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগও নেই পুলিশের। উপরন্তু ঘাতক ট্রাকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ ছাত্রদের অবস্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে শ্রমিকরা পিটিয়েছে ছাত্রদের। ৪ দিনে ৪টি দুর্ঘটনায় ৮টি প্রাণ কেড়ে নেবার পরও ঘাতক চার ট্রাকের একটির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। 

১২ ডিসেম্বর যশোর-চৌগাছা সড়কের কুলতাডাঙ্গায় বেপরোয়া গতির একটি ট্রাক যাত্রীবাহী শ্যালোইঞ্জিন চালিত নসিমনকে ধাক্কা দিলে প্রাণ হারান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্রীড়া ও শরীরচর্চা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আবু হানিফ ও নসিমন চালক আনিছুর রহমানসহ ৪ জন। ওই দুর্ঘটনাস্থলের অদূরে ওইদিনই মাত্র দুই ঘণ্টা পর চূড়ামনকাঠিতে অপর এক ট্রাকের ধাক্কায় আরেক নসিমন চালক আমজাদ আলী নিহত হন। ১৪ ডিসেম্বর যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় আফিল ব্রিকসের মাটি বহনকারী ট্রাকের ধাক্কায় মোটর  সাইকেল আরোহী দুজন রমজান আলী ও শেখ শাহীন নিহত হন।