ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের সুতাংব্রিজ এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৭ জন নিহত ও অপর ১৫জন আহত হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ২ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার ভোর সোয়া ৭টায় ঘন কুয়াশার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার রহমতপুর গ্রামের হারিছ মিয়ার স্ত্রী নকুল বিবি (৪৫) ও তার মেয়ে আম্বিয়া খাতুন (২০), চুনারুঘাট উপজেলার উছমানপুর গ্রামের মুখলিছ আলী (৬০), মৌলভীবাজার সদর উপজেলার বর্শিজুড়া গ্রামের আহমুদুল হক (৬০) ও পূর্ব সুলতানপুর গ্রামের মুজিবুর রহমান (৬০) এবং শ্রীমঙ্গল উপজেলার মৃত্তিকা চা বাগানের ইউনুস মিয়া (৫০)। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৌলভীবাজার জেলার কাজিরগাও গ্রামের আব্দুল মান্নান এর পুত্র জামিল (২০) মারা যায়। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায় ঘটনার সময় ঢাকাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী জিপএর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অপর দুইদিক থেকে একটি ট্রাক্টর ও একটি সিএনজি অটোরিক্সার সাথে উক্ত গাড়িগুলোর চতুর্মুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে ২জন পুরুষ যাত্রী মারা যায়। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে আনা হলে তাদের মধ্যে আরো ৪ জন মারা যায়।
জানা গেছে, নিহতদের সবাই শাহজীবাজারস্থ ফতেহ গাজী (রহঃ) এর মাজার থেকে ওরস শেষে সিএনজি চালিত অটোরিক্সা ও জিপে (চান্দের গাড়ি) করে বাড়ি ফিরছিলেন। আহতদের মধ্যে ১১ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে ৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে একজন পথিমধ্যে মারা যায়। ঘটনার পর পর হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র হাসপাতালে নিহত ও আহতদের দেখতে যান। পরে নিহতদের আত্মীয়স্বজন হাসপাতালে থেকে মৃতদেহগুলো দাফনের জন্য নিয়ে যায়।
