বছরের ঝড়-তোলা শীর্ষ ইউটিউব ভিডিও

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১১:২৯
যেকোনো ভিডিও আপলোড করে শীর্ষ ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব-এ ঝড় তোলা যায় না। দর্শকদের আগ্রহ ব্যতিক্রমী ও আকর্ষণীয় বিষয় নিয়ে তৈরি ভিজ্যুয়াল গল্প বা গানে। খবর বিবিসি’র।
সম্প্রতি চলতি বছরের ঝড়-তোলা কিছু ভিডিও’র তথ্য প্রকাশ করছে ইউটিউব। আর এসব ভিডিও নিয়েই আজকের এই প্রতিবেদন
‘স্পাইডার ডগ’ নামে হরর গল্পের স্বল্পদৈর্ঘ্যের একটি চলচ্চিত্র এ বছর ইউটিউবে সবচেয়ে বেশি দেখা এবং শেয়ার হয়েছে।
পোল্যান্ডের একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠানের এই ভিডিও সেপ্টেম্বরে ইউটিউবে উন্মুক্ত করা হয়। সর্বশেষ হিসাব অনুযায়ী, ভিডিওটি ১১ কোটি ৫৬ লাখ ৫০ হাজার ৮০৬ বার দেখা হয়েছে।
এর মধ্যে ৪১ হাজার ৮০০ জন ভিউয়ার ভিডিওটিতে মন্তব্য করেছেন। শুধু তাই নয়, ৫ লাখ ৮৬ হাজার জন ভিডিওটি লাইক করেছেন।
মাকড়সার ছদ্মবেশধারী এক কুকুরের কাণ্ডকারখানা নিয়ে তৈরি ভিডিওটি ইতিমধ্যে ২০১৪ সালের ট্রেন্ডিং ভিডিও হিসেবে নির্বাচিত হয়েছে।
দ্বিতীয় স্থানে রয়েছে নাইকি জুতার একটি ভিডিও। এতে নেইমার, রুনির মত তারকারা আছেন। তৃতীয় অবস্থানে আছে ‘ফাস্ট কিস’ নামের স্বল্প দৈর্ঘ্যের আরেকটি ভিডিও।
চতুর্থ স্থানে রয়েছে দ্যা ভয়েস অব ইতালির মিউজিক ভিডিওটি। এটি ছয় কোটি বার দেখা হয়েছে। পঞ্চম স্থানে রয়েছে আইফোন ৬ প্লাস বেঁকে যাওয়ার আনবক্সিং ভিডিওটি। এটি দেখা হয়েছে ৫ কোটি ৯৬ লাখ বার।
সবচেয়ে বেশি জনপ্রিয় মিউজিকের তালিকায় রয়েছে কেটি পেরির ‘ডার্ক হর্স’ গানের মিউজিক ভিডিওটি। এটি ৭০ কোটি ১৫ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে কেটি পেরিকে এক প্রাচীন মিসরীয় রানী ভূমিকায় দেখানো হয়েছে।
বিভিন্ন লোক এই রানীর কাছে বিভিন্ন আশ্চর্য জিনিস নিয়ে আসেন। এতে ‘আল্লাহ’ লেখা নেকলেস দেখানো হয়, যা প্রতিবাদের মুখে ভিডিও এডিট পর্যন্ত করেছে ইউটিউব কর্তৃপক্ষ।
তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পপ শিল্পী শাকিরার ‘ক্যান নট রিমেম্বার টু ফরগেট’ এবং ‘লা লা লা’ মিউজিক ভিডিওটি। এই তালিকায় আট নম্বরে আছেন টেইলর সুইফট।