ইভটিজিংয়ের মামলা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ১

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৩:২২
ইভটিজিংয়ের মামলা দেয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিষ্ণুপুর গ্রামে আব্দুর রাজ্জাক ওরফে আকবর (৫৫) নামে এক ব্যবসায়ীকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতে হত্যা করেছে রবিউল করিম (৩০) নামে এক বখাটে যুবক। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক বিষ্ণুপুর গ্রামের মৃত বেলায়েত হোসেন মন্ডলের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কিছুদিন আগে ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের নাত্নিকে উত্ত্যক্ত করায় বিষ্ণুপুর গ্রামের রবিউলকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পায়। মঙ্গলবার ভোর রাতে রবিউল দেয়াল টপকে রাজ্জাকের বাড়ির ভেতরে ঢুকে ওঁৎ পেতে থাকে। ভোরে রাজ্জাক প্রকৃতির ডাকে সাড়া দিতে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলে রবিউল তাকে ধারালো ছুরি দিয়ে বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করে। এ সময় তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম এগিয়ে এলে তাকেও একইভাবে আঘাত করা হয়। আহত আঞ্জুয়ারার চিৎকারে বাড়ির অন্যান্য লোকজনসহ প্রতিবেশীরা এগিয়ে এসে রবিউলকে রক্তাক্ত ছুরিসহ হাতেনাতে আটক করে। স্থানীয়রা রাজ্জাককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলকে আটক করে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বাদী হয়ে মামলা করেছেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।