শেরপুরে বিজয় অনুষ্ঠানের মঞ্চ ভাংচুর-অগ্নিসংযোগ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ১৪:৫১
শেরপুরে বিজয় দিবসের অনুষ্ঠানের মঞ্চ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে ব্যানার, সামিয়ানা। 
মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মাজার শরীফ নতুন মাঠে এ ঘটনা ঘটে।
 সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দিবস উদযাপনের জন্য স্থানীয় যুবসমাজের ব্যানারে মাজার শরীফ নতুন মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়। কে বা কারা ভোররাতে সেই মঞ্চে ভাংচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পরে লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়।
ওসি মাযহারুল ইসলাম বলেন,  ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
 
পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন আনার এ বিষয়ে বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানমালা ভণ্ডুল করতেই এ কাজ করেছে দুর্বৃত্তরা। এই কাজে স্বাধীনতাবিরোধী চক্র জড়িত থাকতে পারে।