মানিকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত জেএসএস নেতা মংসাজাই মারমা (৫০) ওরফে জাপান বাবু চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় মানিকছড়ির রাজপাড়াস্থ নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে শিক্ষক চিংসামং চৌধুরী নিহত ও জেএসএস সভাপতি মংসাজাই মারমা ওরফে জাপান বাবু গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহত জাপানকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে থাকার ১০দিন পর মঙ্গলবার বিকাল ৪.৫০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার গ্রামের বাড়ী মানিকছড়ির তিনটহরী ও জেএসএস শিবিরে শোকের ছায়া নেমে আসে। নিহত জাপান বাবু উপজেলার তিনটহরী গ্রামের প্রয়াত রাঅং কার্বারীর ছেলে বলে জানা গেছে।
নিহতের ভাতিজা আপাইশে মারমা জানান, মঙ্গলবার বিকালে চমেক হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারা গেছেন। পারিবারিক আলোচনা শেষে তার অন্তেষ্টিক্রিয়ার সময় নির্ধারণ করা হবে।
জেএসএস নেতা ধীমান চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপিডিএফ সন্ত্রাসীদের বুলেটে কেড়ে নিল শিক্ষক চিংসামং চৌধুরী ও জেএসএস নেতা মংসাজাই মারমা প্রকাশ জাপান বাবুর প্রাণ। এ ঘটনায় ইউপিডিএফ‘র পক্ষ থেকে বার বার অস্বীকার করে আসছে।
মানিকছড়ি থানার ও.সি মো. শফিকুল ইসলাম জানান, স্বজনরা জাপান বাবুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
