১০ টাকার কৃষকের অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ২০:০৪
 
১০ টাকার বিনিময়ে সারাদেশের এক কোটি ৪৩ লাখ গ্রাহক হিসাব (একাউন্ট) খুলেছে। সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোতে এ হিসাব খোলা হয়েছে। এ হিসাবের মধ্যে সবচেয়ে বেশি হিসাব খুলেছে কৃষকরা। ২০১০ সালে ১০ টাকার একাউন্ট খোলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি হিসাব খোলা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে।
রাষ্ট্রীয় ও বিশেষায়িত খাতের ব্যাংকগুলোর বিশেষ উদ্যোগে ১০ টাকা দিয়ে কৃষকের ব্যাংক হিসাব খোলার পরিমাণ বাড়ছে। চলতি বছরে অক্টোবর পর্যন্ত ৯৭ লাখ ২১ হাজার ৭২ জন কৃষক ব্যাংক হিসাব খুলতে সক্ষম হয়েছেন। অক্টোবর মাসে নতুন করে এক হাজার ৭০০টি হিসাব খোলা হয়েছে। কৃষকের হিসাবসহ ১০ এবং ১০০ টাকার মোট হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪৩ লাখ ২৫ হাজার ১৬৩টি। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে এ তথ্য উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোও যদি এ উদ্যোগে সাড়া দেয় তাহলে হিসাব খোলার এ সংখ্যা আরও বাড়তে পারে। কোন সার্ভিস চার্জ ছাড়ায় এ হিসাব খোলা হয়।