বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বাঁচান: উপাচার্য

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ২১:৫৪
 
 বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’র উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী উত্তর জনপদের আশা আকাঙ্খার ফসল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে অশুভ শক্তির কালো থাবা থেকে রক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি এ সহযোগিতা কামনা করেন।
মহান বিজয় শোভাযাত্রা শেষে আজ বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বর্তমান প্রজন্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলার প্রেক্ষিতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেন, ‘আপনারা এ বিশ্ববিদ্যালয়টিকে বাঁচান। 
এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যেভাবে আন্দোলন করেছেন, যেভাবে দূর্নীতি মুক্ত করতে এগিয়ে এসেছিলেন, তেমনিভাবে বিশ্ববিদ্যালয়টিকে রক্ষায় আপনাদের চাইছি।’
বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার নিন্দা জানিয়ে উপাচার্য আরো বলেন, বঙ্গবন্ধুর উপর প্রবন্ধ উপস্থাপনকালে কিছু শিক্ষক স্বাধীনতা স্মারকে উঠে প্রবন্ধ উপস্থাপকের মাইক কেড়ে নেন। বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা অকথ্যভাষায় গালাগালি করতে থাকেন। পেছন থেকে কিছু ছেলে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
উপাচার্য বলেন, এ সময় তাকে রক্ষা করতে গিয়ে বেশকিছু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
তিনি বলেন, স্বাধীনতার পক্ষের কোন শক্তি এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। রাজাকার-আলবদরদের দোসর এসব ঘটনার নেপথ্য শক্তি হিসেবে কাজ করছে।
উপাচার্য আরো বলেন, গত কয়েকদিন ধরে আন্দোলনকারীরা প্রশাসন ভবনে তালা দিয়ে রেখেছে। আমি জানি না সেখানে কী হচ্ছে। দুদকে দায়ের করা মামলার নথিপত্রও সেখানে গচ্ছিত আছে। কোন কাগজপত্র খোয়া গেলে এর দায় কে নেবে?
তিনি বিশ্ববিদ্যালয় নিয়ে রাজনীতি নয় বরং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলায় শিক্ষকদের তীব্র প্রতিবাদ:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন নীল দল বিশ্ববিদ্যালয়ে হামলার তীব্র প্রতিবাদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
নীল দল সভাপতি আপেল মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে আজ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে এ হামলায় জড়িত স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের মদদপুষ্ট অপশক্তির বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি দাবি এবং এদের প্রতিহত করতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয়।