চট্টগ্রামে মাদ্রাসা ছাত্রের পায়ে গুলি, কনস্টেবল আটক

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৪, ২৩:৪২

মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানার সামনে কথা কাটাকাটির জের ধরে এক মাদ্রাসাছাত্রকে গুলি করেছেন এক কনস্টেবল। ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখে। থানার সামনে অবস্থান নেয় লোকজন। জনতার ক্ষোভের মুখে পুলিশ রুমেন সিরাজি নামের ওই কনস্টেবলকে আটক করে। রাত পৌনে ১০ টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, থানার সামনে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবল রুমেন সিরাজীর সঙ্গে মহব্বত ছিদ্দিকের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই কনস্টেবল মহব্বতকে লক্ষ করে নিজের হাতে থাকা শটগান দিয়ে গুলি করেন। এতে মহব্বত পায়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ মাদ্রাসাছাত্রের নাম মহব্বত ছিদ্দিক (২২)। তিনি দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা প্রকাশ হাটহাজারী মাদ্রাসার তাফসীর প্রথম বর্ষের ছাত্র। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।