মঙ্গলবার রাতে রাজবাড়ীতে প্রথম আলোর প্রতিনিধি এজাজ আহম্মেদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক জানান, শহরের রেলগেট এলাকায় রাজবাড়ী প্রেসক্লাবের বিপরীত পাশে একটি ভবনের দ্বিতীয় তলায় এজাজ ব্যক্তিগত কার্যালয়ে বসে কাজ করছিলেন। রাত আনুমানিক সোয়া আটটার দিকে হঠাৎ তিন যুবক ওই কার্যালয়ে ঢুকে তাকে মারধর শুরু করেন।
হামলাকারীদের একজন শহরের বেড়াডাঙ্গার মিঠু। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। এ সময় সন্ত্রাসীরা এজাজের বড় ভাই আবদুস সালামকে শহরের বাগমারা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন থেকে সরে যেতে বলেন। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে এজাজসহ পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দেয় সন্ত্রাসীরা। ওই ঘটনার পর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা এজাজকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ‘ঘটনাটি সম্পর্কে কিছুটা জেনেছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
