বিজয় দিবসে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে। শরিফুল যাত্রাবাড়ীর ডিএম বাসার ফার্নিচার নামে একটি কারখানার শ্রমিক ছিলেন।
যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবির জানান, যাত্রাবাড়ীর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও লবণ ফ্যাক্টরির বিপরীত ডিএম বাসার ফার্নিচারের কারখানা। ঐ কারখানার শ্রমিক ছিলেন শরিফুল। সোমবার দিবাগত রাত ১২টার দিকে শরিফুল কারখানার ছাদে বিজয় দিবসে পতাকা টানাতে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে কারখানার অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে।
এদিকে, খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে লোটাস কামাল ভবনের বিপরীত রেললাইনে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার এসআই রফিকুল ইসলাম বলেন, কমলাপুরগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসে কাটা পড়ে তার মৃত্যু হয়।
