হুয়েসকাকে উড়িয়ে দিল বার্সা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১২:২২



কোপা দেল রে’র ম্যাচে হুয়েসকাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে একক আধিপত্য দেখিয়ে ৮-১ গোলে জয় পায় এই স্প্যানিশ ক্লাব। তবে দলে ছিলেন না মেসি, নেইমার ও সুয়ারেজ। তিন তারকাকে মাঠের বাইরে রেখেই বেশ দাপটের সঙ্গেই খেলেছে তারা।
মেসি-নেইমার-সুয়ারেজ বিহীন এই ম্যাচে দর্শকদের মাতিয়ে রাখেন পেড্রো।  ২০, ২৬ ও ৪৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক করেন তিনি। এই সুবাদে ম্যাচের প্রথমার্ধে বার্সেলোনার ঝুড়িতে যোগ হয় ৫ গোল। অন্য দুটি গোল করেন মেসির পরিবর্তে মাঠে নামা সার্জিও রবার্তো (২৯ মিনিটে) এবং জাভির পরিবর্তে মাঠে নামা ইনিয়েস্তা (৩৯ মিনিটে)।
দ্বিতীয়ার্ধে ফিরে আরো ৩টি গোল করে বার্সা। তবে ১টি গোল হজম করতে হয় তাদের।
৬৮ মিনিটে হুয়েসকার জালে ষষ্ঠ গোলটি করেন আদ্রিয়ানো কোরেয়া। ১০ মিনিটের ব্যবধানে আডমা তায়োরে সপ্তম গোল করেন। বার্সার পক্ষে ৮৩ মিনিটে হুয়েসকার জালে শেষ গোলটি ঠুকে দেন সান্ড্রো রামিরেস।
শেষ বাঁশি বাজার চার মিনিট পূর্বে কার্লোস মুরেনোর গোলে পরাজয়ের ব্যবধান কমায় হুয়েসকা।