পাটকেলঘাটায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১৫:৪০
সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার দাঁদপুর গ্রামে জেসমিন খাতুন (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোর রাতে এ হত্যার ঘটনা ঘটে। জেসমিন ওই গ্রামের আবু মুসার স্ত্রী ও এক ছেলের জননী।
গৃহবধুর পিতা যশোর জেলার কেশবপুর উপজেলার বরণডালী গ্রামের বজলু সানা জানান, তার জামাই আবু মুসা ফেনীর একটি ইটভাটায় কাজ করেন। বাড়ীতে না থাকার সুযোগে শ্বশুর মহিদুল ইসলাম ও শাশুড়ী রাবেয়া খাতুন যৌতুকের দাবিতে প্রায়ই তার মেয়ে জেসমিনকে মারধর করত।
তাদের অভিযোগ, সম্প্রতি জেসমিন শ্বশুরবাড়ির ৫০ হাজার টাকা যৌতুক দাবির কথা তাকে জানালেও অভাবের কারণে তিনি দিতে পারেননি। এরই জের ধরে বুধবার রাতে শ্বশুর ও শাশুড়ী বেধড়ক মারপিট করে জেসমিনকে হত্যা করেছে।
অভিযোগে আরো বলেন, হত্যার ঘটনা ধামাচাপা দিতে জেসমিনের গলায় শাড়ী পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুঁলিয়ে দেয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের পর জানা যাবে।