ডিএসইতে টানা ৫ কার্যদিবস সূচকের পতন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ১৭:২৬
 
 
 
 
শেয়ারবাজারে টানা দরপতন চলছে। স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর পর থেকে লেনদেন ধীরে ধীরে বাড়তে থাকলেও সূচকের পতন চলছে। বুধবার পর্যন্ত টানা পাঁচ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক কমেছে ১০৭ পয়েন্ট। তবে লেনদেন পরিস্থিতি প্রতিদিনই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। ধীরে ধীরে বাড়ছে লেনদেনের পরিমাণ।
বাজারে সবচেয়ে বেশি দরপতন হয়েছে অলটেক্সের। এ কোম্পানির শেয়ারদর কমেছে ১০ শতাংশ। এছাড়া আরএন স্পিনিং মিলের শেয়ারদর কমেছে ৭ দশমিক ৭৭ শতাংশ। বড় মূলধনী কোম্পানিগুলোর মধ্যে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারদর কমেছে ২ দশমিক ১৬ শতাংশ এবং স্কয়ারফার্মার শেয়ারদর কমেছে ১ দশমিক ৫৬ শতাংশ। খাত ভিত্তিক দর পতন বিশ্লেষণ করে দেখা গেছে, বস্ত্র খাতের খাতের শেয়ারগুলোর দর পতন হয়েছে ৪ দশমিক ৩ শতাংশ। আর ব্যাংকিং খাতের শেয়ারদর কমেছে ১ দশমিক ২ শতাংশ।
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৪ কোটি ৫৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৫ কোটি ৯৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৪ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকসের প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা কোম্পানি কেয়া নিট কম্পোজিট লিমিটেড শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ৬৯ লাখ ৫ হাজার ৫০০ শেয়ার বিক্রয় করবে। এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার কাছে কেয়া কসমেটিকসের মোট ১ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৩৭৮টি শেয়ার রয়েছে। কেয়া কসমেটিকসের অপর প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা কেয়া ইয়ার্ন ৬৯ লাখ ৫ হাজার ৫০০ শেয়ার ক্রয় করবে। বাজার মূল্যের ভিত্তিতে ব্লক মার্কেটে পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে এ কেনা-বেচা সম্পন্ন করা হবে।