শেয়ার লেনদেনে হাওলা চার্জ থাকছে না, লাগা চার্জ বাড়ছে ১ পয়সা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ২০:১৯
 
 
 
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রতিবার শেয়ার লেনদেনের (হাওলা) চার্জ আর থাকছে না। বৃহস্পতিবার থেকে হাওলা চার্জ উঠিয়ে দেয়ার সিদ্ধান্ত কার্যকর করা হবে। হাওলা চার্জ উঠিয়ে দেয়ার পাশাপাশি প্রতি শেয়ার লেনদেনের চার্জ (লাগা) ১ পয়সা বাড়ানো হয়েছে। আর বন্ডের ক্ষেত্রে প্রতি লেনদেনের ফি ২ টাকার পরিবর্তে ৫০ টাকা করা হয়েছে। বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদের এক সভায় এ সব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ব্রোকারেজ অ্যসোসিয়েশনের সঙ্গে এক বৈঠক করা হয়েছে। ট্রেকহোল্ডারদের সঙ্গে কথা বলেই ডিএসইর পরিচালনা পর্ষদ এ সব সিদ্ধান্ত নিয়েচে। ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে এ সব সিদ্ধান্তের কথা জানা গেছে। বিকালে ডিএসই কার্যালয়ে ডিএসইর চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, পরিচালক শাকিল রিজভী, শরীফ আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসুলসহ স্বতন্ত্র পরিচালকবৃন্দ।
ডিএসই সূত্রে জানা গেছে, স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর পর শেয়ার ক্রয়-বিক্রয়ে লট সিস্টেম বন্ধ করে দেয়া হয়। এর ফলে একটি শেয়ারও ক্রয়-বিক্রয় করার সুযোগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় অল্প শেয়ার ক্রয়-বিক্রয়ে হাওলা চার্জ তুলনামূলকভাবে বেশি হয়ে যায়। তাই ২ টাকা হাওলা চার্জের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে ডিএসইর পক্ষ থেকে বলা হয়। এরই প্রেক্ষিতে বুধবার হাওলা চার্জ তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২টাকা হাওলা চার্জ তুলে দিয়ে লাগা চার্জ ২ পয়সা থেকে বাড়িয়ে ৩ পয়সা করা হয়েছে। এখন থেকে লাগা চার্জকে বলা হবে ট্রানজেকশন ফি। এ দিকে, বিনিয়োগকারীরা বলছেন, হাওলা চার্জ তুলে দেয়া হলেও লাগা চার্জ ২ পয়সা থেকে বাড়িয়ে ৩ পয়সা করার ফলে বিনিয়োগকারীরা উপকৃত হবেন কি না, তা ভেবে দেখা প্রয়োজন।