সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করেছে এ সংক্রান্ত কমিশন। সর্বোচ্চ ৮০ হাজার আর সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা বেতন নির্ধারণ করে কমিশন সুপারিশ চূড়ান্ত করেছে বলে সূত্র জানিয়েছে। কমিশনে বেতন গ্রেড কমানোরও সুপারিশ থাকছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নিকট এ সুপারিশ জমা দেয়া হবে। কমিটি গঠনের এক বছর পর কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে। গত বছরের নভেম্বরে সাবেক গভর্নর ফরাসউদ্দিনকে প্রধান করে ১৭ সদস্যের পে এন্ড সার্ভিসেস কমিশন ২০১৩ গঠন করে সরকার। এক বছর পর বুধবার কমিশন তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে।
সূত্র জানিয়েছে, সরকারি চাকরিতে যোগদানের শুরুতে একটি স্থিতি ভাতার সুপারিশ করা হয়েছে। চাকরির শুরুতেই সেই ভাতা দিয়ে তারা প্রাথমিক প্রয়োজন মেটাবেন। যে তারিখেই চাকরিতে যোগদান করা হোক না কেন, প্রতিবছরের ১ জুলাই ইনক্রিমেন্ট দেয়ার সুপারিশও রয়েছে।
সূত্র জানায়, এতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের বেতন ১ লাখ টাকা করার সুপারিশ করা হয়েছে। সিনিয়র সচিবদের ৯০ হাজার ও সচিবদের ৮০ হাজার টাকা বেতনের সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৮ হাজার ২০০ টাকা। বেতনের গ্রেড কমিয়ে ২০টির পরিবর্তে করা হয়েছে ১৬টি।
এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, বেতন ও চাকরি কমিশন-২০১৩ তাদের প্রতিবেদন চলতি বছর ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করবে। পরবর্তীতে কয়েক দিন পিছিয়ে এ প্রতিবেদন দাখিলের সময় ১৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়। প্রতিবেদন দাখিলের পর সেটি পরীক্ষা-নীরিক্ষা করা হবে। তারপর সেটি বিল আকারে মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। এটা একাট দীর্ঘ প্রক্রিয়া। সরকার পে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করলে তা আগামী জুলাই থেকে কার্যকর হবে।
সূত্র জানায়, পে-কমিশনের প্রতিবেদনে বিদ্যমান বিভিন্ন ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সময় উপযোগী করার প্রস্তাব করা হয়েছে। প্রতিবেদনে প্রথমবারের মতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও বীমা সুবিধার সুপারিশ করা হচ্ছে।
