ইউনাইটেড পাওয়ারের আইপিও আবেদন গ্রহণ শুরু ১৮ জানুয়ারি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৪, ২১:৫০
 
 
 
 
 
বুকবিডিং পদ্ধতির মাধ্যমে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১৮ জানুয়ারি। আবেদন গ্রহণ শেষ হবে ২২ জানুয়ারি। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি শেয়ারবাজারে ৩ কোটি ৩০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২৩৭ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৬২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ টাকা। কোম্পানির ১০০টি শেয়ারে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ারের ইনডিকেটিভ মূল্য ৬০ টাকা নির্ধারণ করা হয়, যা ৬ ক্যাটাগরির ২৮টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দ্বারা সমর্থিত হয়। পরবর্তীতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহনের মাধ্যমে ইনডিকেটিভ মূল্য ৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি প্রেফারেন্স শেয়ারের রিডেম্পশন, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী  শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ দশমিক ৯৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩ দশমিক ৬৪ টাকা।
এদিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করবে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড। কোম্পানিটির প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসপেক্টাস অনুযায়ী কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ শুরু হবে আগামী বছরের ১১ জানুয়ারি। কোম্পানিটি শেয়ারবাজারে ১০ কোটি ইউনিট ছেড়ে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতি ইউনিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। ৫০০টি ইউনিটে মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।