কক্সবাজার শহরের হোটেল মোটেল জোন এলাকায় অবস্থিত আবাসিক হোটেল ফয়সাল গেস্ট হাউস থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে ওই হোটেলের বয় মো. জামাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা আড়াই টার দিকে কক্সবাজার সদর থানার পুলিশ হোটেলের ১০৬ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করে। হোটেল রেজিস্টারে এ তরুণীর নাম তাসলিমা আকতার (২৪) লিপিবদ্ধ করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত তরুণীর স্বামী হিসেবে পরিচয় দেয়া হয়েছে চট্টগ্রাম শহরের রাহাত্তার পুল এলাকার জালাল আহমদের ছেলে হাবিবুর রহমানকে। তারা মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় হোটেলে উঠেন।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত তরুণী চট্টগ্রামের বাসিন্দা নয়। কক্সবাজারেই তার বাড়ি। সে বিবাহিতও নয়। ফয়সাল গেস্ট হাউসে ওই তরুণী নিয়মিত যাতায়াত করত। মঙ্গলবার রাত ১১ টার দিকে ফয়সাল গেষ্ট হাউসের রুমবয় মো. জামাল উদ্দিন ঐ তরুণীর সাথে সাংস্কৃতিক কেন্দ্রের সামনে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছিল বলেও দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, গণধর্ষণের পর কুপিয়ে এ তরুণীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। স্বামী পরিচয় দানকারী ব্যক্তি পলাতক রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে হোটেল বয় কক্সবাজারের উখিয়া উপজেলার সিকদার বিল এলাকার মো. বদিউল আলমের ছেলে মো. জামাল উদ্দিনকে আটক করা হয়েছে।
