রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছয় দিনের সফরে আজ বৃহস্পতিবার ভারতে যাচ্ছেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। প্রায় তিন দশকের মধ্যে বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম ভারত সফর। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার ও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে রাষ্ট্রপতি আবদুল হামিদ সকাল পৌনে ১১টায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামীকাল তিনি ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন। পরে প্রেসিডেন্ট মুখার্জি আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।
এছাড়া ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি, লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং লোকসভায় বিরোধী দলীয় নেতা গোলাম নবী আজাদের সঙ্গেও তার পৃথকভাবে বৈঠকের কথা রয়েছে। নয়াদিল্লি ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদ আগ্রা, জয়পুর ও কলকাতার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করবেন। আগামী ২৩ ডিসেম্বর তার দেশে ফেরার কথা।
