গাজীপুরে সাজেদুর রহমান সাজিদ (১০) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে পুলিশ গাজীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। সাজিদ শরীফপুর তাকবিয়াতুল ইসলামিয়া দাখিল মাদ্রাসার চতুর্থ শেণির ছাত্র ও মহানগরের শরীফপুর এলাকার হাজী মো: নাছির উদ্দিনের ছেলে।
আটককৃতরা হল- পাপ্পু সিপাই (১৪), সাকিব খান (১৪), জুয়েল হোসেন (১৫), জাকির হোসেন ( ১২) ও সজিব মিয়া (১০)।
জয়দেবপুর থানার এসআই আকরাম হোসেন জানান, বুধবার সকাল ১১টার দিকে জাকির খেলার করার কথা বলে সাজিদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। সারাদিন সাজিদ বাসায় না ফিরলে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশকে জানায়। এদিকে অপহরণকারীরা সাজিদের বাবাকে ফোর করে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবি মানা না হলে সাজিদকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয়া হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি বাথরুমের পরিত্যক্ত কুয়ায় সাজিদের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, সাজিদকে ঘুমের ট্যাবলেট খাইয়ে গলায় রশি পেঁচিয়ে হত্যার পর লাশ ঐ কুয়ায় ফেলেছে বলে আটককৃতরা স্বীকার করেছে।
