বগুড়ায় গাফফার চৌধুরীর বিরুদ্ধে মামলা খারিজ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৭:৫৩
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘উন্মাদ’ বলায় সাংবাদিক কলামিস্ট ও লেখক আব্দুল গাফফার চৌধুরীর বিরুদ্ধে বগুড়ার আদালতে মানহানির মামলার আবেদন করার কয়েক ঘণ্টার মধ্যে সেটি খারিজ করে দিয়েছে আদালত। 
বৃহস্পতিবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এ কে এম জাহিদ (মনি) বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ দণ্ডবিধি ৫০০ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং ১৩৬৮/সি ২০১৪ (বগুড়া সদর)। বিকেলে শুনানি শেষে আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ শান্ত মামলাটি খারিজ করে দেন। 
মামলার আরজিতে বাদী অভিযোগ করেছিলেন, গত বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সভায় আব্দুল গাফফার চৌধুরী তারেক রহমানের ব্যক্তি ইমেজ, রাজনৈতিক সুনাম বিনষ্ট এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার কু-উদ্দেশ্যে বক্তব্য দেন।
তিনি “তারেক রহমান একজন উন্মাদ। এই উন্মাদ অবস্থাতেই তার শেষ পরিণতি ঘটবে”  বলে মন্তব্য করেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মতবিনিময় সভায় আব্দুল গাফফার চৌধুরীর করা মন্তব্যটি অনলাইন পোর্টাল বাংলা নিউজ ২৪ ডট কমে প্রকাশিত হয়। এতে দল হিসেবে বিএনপি’র এবং ওই দলের সদস্য হিসেবে তাঁর ৫০০ কোটি টাকার মান ক্ষুন্ন হয়েছে। এ কারণে তিনি অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দণ্ড প্রদানের আবেদন করেন। 
পরে বিকেলে  উল্লেখিত আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ শান্ত শুনানি শেষে মামলাটি খারিজ করে দেন ।