টানা পাঁচ কর্মদিবস সূচক পতনের পর বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারে সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে প্রায় ১৯ শতাংশ। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইঞ্জিনিয়ারিং খাত ঘিরে। এর পরই ওষুধ ও বস্ত্রখাতের অবস্থান। এ দিকে, দর বৃদ্ধির ক্ষেত্রে এগিয়ে ছিল বস্ত্র খাত। বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ শতাংশেরও বেশি বেড়েছে।
তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১ কোটি ৩২ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৫৩ কোটি ২১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭২টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৭৯ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
