বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ২০:৫২
 
অতীতের সব রেকর্ড ভেঙ্গে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ দশমিক ৪০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। স্বাধীনতার ৪৩ বছরে এটি সর্বোচ্চ রিজার্ভ । এর আগে দেশে সর্বোচ্চ রিজার্ভের পরিমাণ ছিল ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার।
বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের এই পরিমাণ রিজার্ভ দিয়ে দেশের ৭ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব যেখানে মাত্র তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মত রিজার্ভ থাকলেই চলে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ফরেইন রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক ছাইদুর রহমান বলেন, রেমিটেন্স প্রবাহ এবং রফতানি আয় বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তি মিশনে কর্মরতদের পাঠানো একটি বড় তহবিলের কারণে রিজার্ভ বেড়েছে। আগামীতেও রিজার্ভ বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, রিজার্ভ বৃদ্ধির কারণে মার্কিন ডলারের বিপরীতে টাকা পূর্বের তুলনায় শক্তিশালী অবস্থায় রয়েছে। খবর বাসস।