অজ্ঞান পার্টির খপ্পরে এসআই

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৪, ১৯:৪৬
 
রাজধানীর মহাখালীতে প্রদীপ কুমার রায় নামে পুলিশের এক এসআইকে অজ্ঞান করে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। প্রদীপ নরসিংদী সদর থানায় কর্মরত। বৃহস্পতিবার দুপুরে মহাখালী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আহত প্রদীপকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রদীপের প্রতিবেশী সাথিয়া বেগম জানান, মহাখালীর একটি বাসায় প্রদীপের বাবা রবীন্দ্রনাথ রায় চিকিত্সা নিচ্ছেলেন। তিনি বাবাকে দেখতে নরসিংদী থেকে ঢাকায় আসেন। মহাখালী বাসস্ট্যান্ডে আসার পর তাকে অজ্ঞান অবস্থায় দেখে তার মোবাইল ফোন থেকে বাবা রবীন্দ্রনাথের ফোনে বিষয়টি জানান গাড়ির স্টাফরা। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রদীপের গ্রামের বাড়ি রাজবাড়ির সদরে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানান, এসআই প্রদীপ কুমার রায় তিনদিনের ছুটি নিয়ে ঢাকায় গিয়েছিলেন।
এদিকে, লালবাগে হাফিজ খান ও সাদ্দাম হোসেন নামে দু’জনকে কুপিয়ে ২ হাজার টাকাসহ একটি মোবাইল ফোন লুট করে ছিনতাইকারীরা।
 বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পিলখানা রোড ভাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহতদের ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।