বিলের মাছ ধরাকে কেন্দ্র করে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বিরল গ্রামে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। নিহত কুমুত চন্দ্র দাস (৪০) মৃত মিশ্র চন্দ্র দাসের ছেলে। পুলিশ বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী বিলে মাছ ধরা নিয়ে চাচা কুমুত চন্দ্র দাসের সঙ্গে ভাতিজা ( বড়ভাইয়ের ছেলে) লোকনাথ চন্দ্র দাসের মধ্যে প্রথমে ঝগড়া বাধে। এক পর্যায়ে লোকনাথ চন্দ্র কাঠের লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করে। স্থানীয়রা ও স্বজনরা কুমুত চন্দ্র দাসকে গাজীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
জয়দেবপুর এসআই রাজিব শেখ জানান, খবর পেয়ে বিকেল ৪টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ভাতিজা লোকনাথ চন্দ্র দাস পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
