বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি এবং নারায়ণগঞ্জ বিএনপির কার্যালয়ে যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের হামলার প্রতিবাদে নগর বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ সমাবেশে যোগ দিতে আসা মিছিলে বাধা দিলে নেতা-কর্মীদের সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায় পুলিশ তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
শুক্রবার বেলা ১১টায় ডিআইটি বাণিজ্যি এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল আহ্বান করে নারায়ণগঞ্জ নগর বিএনপি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে দলীয় নেতা-কর্মীরা। বেলা পৌনে ১১টার দিকে জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন ও মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ের সমানে আসার চেষ্টা করলে মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ের রাস্তায় বাধা দিলে পুলিশের সাথে যুবদলের নেতা-কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ যুবদলের কর্মীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
