রাশিয়ার অর্থনৈতিক শঙ্কা কাটিয়ে উঠতে চান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ মুদ্রা রুবলের নাটকীয় পতন আবার স্থিতিশীল হবে বলেও জোর দিয়ে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার বছর শেষের সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন পুতিন। খবর বিবিসির।
তিন ঘণ্টাব্যাপী ওই সংবাদ সম্মেলনে পুতিন অভিযোগ করেন, রাশিয়ার স্মরণকালের মুদ্রামানের পতনের জন্য কিছু ‘বহিরাগত কারণ’ দায়ী। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেন সংকটের কারণে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি এবং তেলের দরপতনের কারণে দেশটি মন্দার দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে মনে করেন পুতিন। তবে রাশিয়ার ‘আগ্রাসী’ পররাষ্ট্র নীতির বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, রাশিয়াকে দুর্বল করার জন্য এটা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের একটি ষড়যন্ত্র।
পুতিন জানান, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মুদ্রার পরিমাণ প্রায় ৪১৯ বিলিয়ন ডলার, যা অর্থনীতি স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। জনাকীর্ণ ওই সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, ‘আপনারা এটাকে সঙ্কট বলতে পারেন। তবে আমি তা বিশ্বাস করি না।’
