বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত হয়েছেন। আর এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর দুগ্ধ গবাদি প্রাণি উন্নয়ন খামারের সামনে ও শহরের ধুনটমোড় এলাকায় পৃথক এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার মহিপুর দুগ্ধ গবাদি ও প্রাণি উন্নয়ন খামারের সামনে একটি মালবাহী ট্রাক অপর একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকসাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ছয়জন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার তিনজন মারা যান। এরা হলেন, বগুড়া শহরের নিশিন্দারা এলাকার দুলাল হোসেনের ছেলে হাসিব (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৫) ও অটোরিকশার চালক নন্দীগ্রাম উপজেলার জামালপুর গ্রামের রথিকান্ত আচার্য্যের ছেলে কাজল কুমার আচার্য্য (৩০)।
এদিকে একই রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড়ে দুর্ঘটনায় ট্রাকের হেলপার আব্দুল আজিজ (২৫) নিহত হন। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধর্মকাম গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিত্সাধীন রয়েছেন।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।
