মাত্র ১৭ বছর বয়সেই তিনি কাউন্ট্রি ক্রিকেট খেলতে ঘর ছেড়েছিলেন। সেই স্টিভেন স্মিথের কাঁধে যখন মাত্র ২৫ বছর বয়সেই অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হল তখন সেটা নিয়ে ফিঁসফাস ছিল। তবে, অধিনায়ক হিসেবে প্রথম ইনিংস খেলেই তার জবাব দিয়ে দিলেন স্মিথ।
এখন পর্যন্ত ৪৫ জন নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের। এর মধ্যে মাত্র নয় জন অভিষেক ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। সেই নয় জনের মধ্যে পাঁচ জন সেঞ্চুরি করেছেন অভিষেক ইনিংসেই। আর এই ‘এলিট’ ক্লাবের নয়া সদস্য হলেন স্টিভেন স্মিথ। ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৩৩ রান করার মধ্য দিয়ে এই অর্জনে নাম লিখিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার ইতিহাসে ইয়ান ক্রেগ (১৯৫৯) ও কিম হিউজের (১৯৭৯) পর সর্বকনিষ্ঠ এই অধিনায়ক।
একই কীর্তি গড়া আগের চার অধিনায়ক হলেন — মন্টি নোবেল, ক্লেম হিল, লিন্ডসে হ্যাসেট ও গ্রেগ চ্যাপেল। এর মধ্যে কেবল গ্রেগ চ্যাপেলই কেবল অধিনায়ক হিসেবে অভিষেকের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। সেটার সাক্ষীও এই ব্রিসবেন। ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসে চ্যাপেল করেছিলেন যথাক্রমে ১২৩ ও ১০৯ রান।
স্মিথের আগে সর্বশেষ অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করার এই কীর্তি গড়েছিলেন গ্রাহাম ইয়ালুপ। এই ব্রিসবেনেই ১৯৭৮ সালে বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১০২ রান। সেই হিসেবে ৩৬ বছরের এক রেকর্ড নতুন করে লেখালেন স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে অধিনায়ক স্মিথের ব্যাটিংয়েই ভারতের প্রথম ইনিংসে করা ৪০৮ রান টপকে ৯৭ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। স্মিথের ১৯১ বলে ১৩ টি চার ও দুটি ছক্কার সৌজন্যে খেলা এই ইনিংসের প্রেক্ষিতে লিড নেয়ার সাথে সাথে রান রেটও বাড়িয়ে নেয় অস্ট্রেলিয়া।
সব মিলিয়ে চলতি বছরে ব্যাটসম্যান হিসেবে দারুন ধারাবাহিক স্মিথ। ২০১৪ সালে গ্যাবা টেস্ট সহ মোট আটটি টেস্ট খেলে মোট ৯১২ রান করেছেন তিনি। এর মধ্যে ৮২.৯০ গড়ে তার আছে চারটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরির ইনিংস। পারফরম্যান্স দিয়ে দলকে নেতৃত্ব দেয়ার কথা অধিনায়কত্ব পাওয়ার পরই বলেছিলেন তিনি। এবার সেই কথাটাই রাখলেন স্মিথ।
তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমি আগেই বলে রেখেছিলাম, নিজের পারফরম্যান্স দিয়েই আমি দলকে নেতৃত্ব দিবো। সেই কথাটার মতই কাজ করতে পেরেছি আমি। আসা করি সামনেও এটা করতে পারবো।’
সেই ধারাবাহিকতা রাখতে পারলে ভারতীয়দের জন্য যথেষ্ট দুর্ভোগই অপেক্ষা করছে!
