না’গঞ্জে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ০০:০৪

বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছেন। এদিকে সরকারি দলের নেতাকর্মীরা যেমন আক্রমণাত্মক হয়ে উঠেছেন অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও পাল্টা জবাবের ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবারও বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের বাধার মুখে পড়েন বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মীরা। এ সময় সরকারি দলের নেতাকর্মীরা কিছু দূরেই জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এভাবে চলতে থাকলে যে কোন সময় পরিস্থিতি অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।

   জানা গেছে, সাম্প্রতিককালে বিএনপির কোন রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের পক্ষ থেকে কোন বাধা দেয়ার ঘটনা ঘটেনি। কিন্তু গত ১৫ ডিসেম্বর লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন বক্তব্যের পর ফুঁসে উঠেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর চালান তারা। একই সময়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনেই তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেন তারা। এদিকে পার্টি অফিস ভাংচুরের প্রতিবাদে ঐদিন রাতেই প্রতিবাদ সভা করেন নগর বিএনপির নেতাকর্মীরা। সেখানে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইট মারলে পাটকেল খেতে হবে।