রাঙ্গামাটি শহরে পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও পুলিশসহ ৩২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে জলাতঙ্ক ভ্যাকসিন দেয়া হয়েছে।
শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের অতর্কিত কামড়ে রাঙ্গামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তীসহ ২ জন পুলিশ সদস্য ৭ জন মহিলা ও ১০ জন শিশুসহ ৩২ জন্য আহত হয়। আহতদের বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটি সদর হাসপাতালে জলাতঙ্ক প্রতিষেধক দেয়া হয়। হঠাত্ করে পাগলা কুকুরের এই কামড়ের ঘটনায় রাঙ্গামাটি শহরে আতংক ছড়িয়ে পড়ে। আক্রান্তরা জানিয়েছেন সকালে শহরের শান্তিনগর, পুলিশ লাইন, পুরাতন বাস স্টেশন, ভেদভেদী, শিমুলতলীসহ আরো কয়েকটি এলাকায় হঠাত্ করে একাধিক পাগলা কুকুর লোকজনকে আক্রমণ করে। জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল সকালে রাঙ্গামাটি হাসপাতালে কুকুরের কামড়ে আহতদের দেখতে যান।
হঠাত্ করে রাঙ্গামাটি পৌর এলাকায় পাগলা কুকুরের আক্রমণে শহরের লোকজন ও পর্যটকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। রাঙ্গামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম চৌধুরী জানান, শহরে পাগলা কুকুর নিধনে কিছু বাধ্যবাধকতা থাকায় বিকল্প উপায়ে পাগলা কুকুর দমনে চেষ্টা করা হচ্ছে।
গতকাল দুপুরে রাঙ্গাপানি এলাকায় পাগলা কুকুর কয়েকজনকে আক্রমণ করলে এলাকার লোকজন কুকুরটিকে লাঠিসোটা নিয়ে বিভিন্ন দিক থেকে ঘিরে মেরে ফেলে ।
