তিন গ্রাম পুরুষশূন্য অটোরিকশা শূন্য মহাসড়ক

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ০০:১৫

সিলেটের ওসমানীনগরে ওসি মো.মোস্তাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে উপজেলার তিন গ্রামের পুরুষ। গাড়ির কাগজপত্র যাচাই ও গ্রেফতার অভিযান শুরুর পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর অংশ হয়ে পড়েছে সিএনজি চালিত অটোরিকশা শূন্য। অটোরিকশা চলাচল না করায় দুর্ভোগ পোহাচ্ছে ওসমানীনগরসহ পার্শ্ববর্তী একাধিক উপজেলার কয়েক সহস্রাধিক মানুষকে।

উপজেলার বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাড়ি বাড়ি তল্লাশি ও মহাসড়কে সিএনজি ধরপাকড় শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে অর্ধশত ব্যক্তিকে। উপজেলার পূর্ব ব্রাম্মন গ্রাম, পশ্চিম ব্রাম্মন গ্রাম ও নিজকরনসি গ্রামসহ আশাপাশ এলাকার একাধিক গ্রামের পুরুষ বাসিন্দা পালিয়ে বেরাচ্ছেন। এতে গ্রামের নারীরা পড়েছেন বিপাকে। নিরীহ লোককে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামের মহিলারা।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অকিল উদ্দিন গ্রেফতার অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই এজাহারভুক্ত আসামি। নিরীহ মানুষকে হয়রানি নয়, প্রকৃত আসামিদের  গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ কাগজপত্র ও অবৈধ লাইসেন্সধারী অটোরিকশা আটকে পুলিশি অভিযান চলছে। অযথা কোন চালককে হয়রানি করা হচ্ছে না বলে জানান তিনি।