বঙ্গবন্ধুকে নিয়ে তারেকের বিতর্কিত বক্তব্য: প্রতিবাদ যুক্তরাজ্য আওয়ামী লীগে

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ০০:২৮

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমানের বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। ১৯ ডিসেম্বর পূর্ব লন্ডনের ডেল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের স্থানীয় নেতৃবৃন্দ এপ্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তারেক জিয়া কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে দৃষ্টতা ও ঔদ্ধত্য প্রদর্শন করেছে। জাতি তাকে কখনো ক্ষমা করবে না এবং আওয়ামী লীগও এর দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ তারেক রহমানকে দেশ-জাতির শত্রু আখ্যা দিয়ে বলেন, পাকিস্তানি হানাদাররা ১৪ ডিসেম্বর জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আর তারেক রহমান সেই বেদনাহত শোকের দিনে বঙ্গবন্ধুকে কটুক্তি করার দুসাহস দেখিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সংসদ সদস্য খালেদ মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, তারেক রহমান একজন অপ্রকৃতিস্থ। তিনি হাওয়া ভবন সৃষ্টির মাধ্যমে দেশ-জাতির সম্পদ লুটপাট করেছেন। এই পাচারকৃত সম্পদে বিদেশে বসে আয়েশ-বিলাসে জীবন ভোগ করছেন এবং প্রলাব বকছেন। লেখা-পড়া না করেই ইতিহাস চর্চা করছেন। এটা তার মত অথর্বের কাজ নয়। কিন্তু জাতির দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেটাই তিনি করছেন।
সুলতান মাহমুদ শরীফ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেকের মত একজন কুখ্যাত অর্বাচীন কটুক্তি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। বাংলা-বাঙালি যেমন বঙ্গবন্ধুর হৃদয়ালিঙ্গনে ছিল তেমনি তিনিও আজ জাতির হৃদমাঝারে জড়িয়ে আছেন এবং সদাই থাকবেন। এটা কেউ মুছে ফেলতে পারবে না।
তিনি বলেন, এই কুলাঙ্গারটি (তারেক রহমান) বাজে কথা বলে এমন একজন মানুষকে কলঙ্কিত করার চেষ্টা করছে যিনি দেশ-জাতি আর কালের সীমানা পেরিয়ে বিশ্বময় সবার হৃদয়ে অলংকৃত হয়ে আছেন। বঙ্গবন্ধু সর্বকালে সকলের স্মৃতিতে সূর্যালোকের ন্যায় উজ্জ্বল হয়ে থাকবেন। আর এই অকালকুষ্মা- ছেলেটি কালের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।