কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ নিহত ১

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ০৮:৫৫
 
 
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নুর ইসলাম (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৮ জন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পোড়াদহ বাজারের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল জানান, পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ ও আওয়ামী লীগ নেতা পারভেজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার পোড়াদহ বাজারের পাশে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা ব্যবহার করে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে নুর ইসলাম (৫০), নুরু বিশ্বাস (৫৫), সজীব (৩০) সোহেলসহ (৩৫) উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় রাত আটটার দিকে মোশাররফ গ্রুপের আওয়ামী লীগ কর্মী নুর ইসলাম মারা যান। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।