কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৪:৩২
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার কিশোরগঞ্জ-ভৈরব মহসড়কে উপজেলার মনোহরপুর এলাকায় একটি বাস খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, উমেদা বেগম (৫২), জসিম উদ্দিন (৬০) ও জাহেরা বেগম (৫২)। নিহতরা নান্দাইল উপজেলার চন্ডিপাশা গ্রামের বাসিন্দা। গুরুতর আহত আট জনকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের কুলিয়ারচর, ভৈরবসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
জানা গেছে, শুক্রবার রাতে ময়মনসিংহ’র নান্দাইল থেকে ছেড়ে আসা রিজার্ভ বাসটি হবিগঞ্জের সুলতান শির মাজারে যাচ্ছিল। রাত সাড়ে ১২টার দিকে বাসটি উপজেলার মনোহরপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত ও ৩০ জন আহত হন। এ সময় মাজারে নেয়ার জন্য বাসে থাকা একটি গরুও মরে গেছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।