মেহেরপুরের গাংনী হাসপাতালে বিনা চিকিৎসায় ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মৃত হুজাইফা উপজেলার বাউট গ্রামের আব্দুল আলিমের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেলে ডাইরিয়া আক্রান্ত হুজাইফাকে গাংনী হাসপাতালে ভর্তি করানো হয়।
পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকেই চিকিৎসক–নার্সদের গাফিলতি ও অবহেলার কারণে হুজাইফা মারা গেছে। বারবার ডাকাডাকি করেও কাউকে পাওয়া যায়নি।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী শামীম এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা’র সাথে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
