চীনের একটি আদালত বিমান দুর্ঘটনার দায়ে দোষী সাব্যস্ত করে এক বৈমানিককে তিন বছরের জেল দিয়েছে। ২০১০ সালে হিলংজিয়াং প্রদেশে ওই দুর্ঘটনায় ৪৪ ব্যক্তির মৃত্যু হয়েছিল।
৯৬ জন যাত্রী নিয়ে হেনান এয়ারলাইন্সের ওই বিমানটি ইচান বিমানবন্দরের রানওয়েতে লক্ষ্য ছাড়িয়ে দূরে চলে গেলে এতে আগুন ধরে যায়। আদালতের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, নিরাপদ অবতরণের জন্য উপযোগী নয় জেনেও ক্যাপ্টেন কি কুয়ানজান বিমানটি ওই রানওয়েতে অবতরণ করান। সিনহুয়ার প্রতিবেদনে আরো বলা হয়েছে, তিনি যাত্রীদের ঠিকভাবে উদ্ধার কিংবা আহতদের সহযোগিতা করেননি।
উল্লেখ্য, ছয় বছরের মধ্যে এটা চীনের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা। এর আগে ২০০৪ সালে মঙ্গোলিয়ায় ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছিল।
