নরসিংদীতে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৭:১৬
 
 
দুইটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় নরসিংদী শহর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ভণ্ডুল হয়ে যায়। 
শনিবার শহরের নরসিংদী পাইলট হাইস্কুল প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সম্মেলনকে ঘিরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আসাদোজ্জামানকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে অ্যাড. এসএ হাদী, আলহাজ্ব আব্দুল মতিন সরকার, অহিভূষণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ার এবং প্রধান বক্তা হিসেবে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর নাম উল্লেখ করে  ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: দুলাল মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব ভূইয়া আমন্ত্রণপত্র দিয়ে সংশ্লিষ্ট নেতাকর্মীদের সম্মেলনে যোগদানের আহবান জানিয়েছিলেন । 
অপর দিকে এই সম্মেলনকে চ্যালেঞ্জ করে প্রয়াত মেয়র লোকমান হোসেনের সমর্থক দত্তপাড়া এলাকার জনৈক রিপন সরকারের নেতৃত্বে একটি গ্রুপ একই স্থানে পাল্টা সম্মেলনের ঘোষণা দিলে শুরু হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা। সম্ভাব্য গোলযোগের আশংকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জেলা প্রশাসন ঘটনাস্থলে শুক্রবার রাত থেকে শনিবার রাত ৮ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।