ইউপি চেয়ারম্যানের উদ্দেশে চিঠি-ককটেল-পেট্রোল বোমা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৭:৩৩
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজলার রহমান প্রধানকে হত্যার হুমকি দিয়ে চিঠি, ৪টি ককটেল ও ১টি পেট্রোল বোমা সাদৃস বস্তু পাঠিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত ১০ টার দিকে নজলার রহমানের পলাশবাড়ী উপজেলা সদরস্থ প্রফেসর পাড়ার বাড়ির ঘরের বারান্দা থেকে পুলিশ ওই চিঠি, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে।  
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, বাড়ির লোকজন চিঠি, ককটেল ও পেট্রোল বোমা সাদৃশ্য বস্তুগুলো বারান্দায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে। তিনি আরো বলেন, চিঠিটি লিখা আছে ‘তোর আয়ু শেষ। তোকে শেষ করবো। দীন ইসলাম জিন্দাবাদ। ইসলামী আন্দোলন সফল হউক।’  
 ওসি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে এবং উদ্ধারকৃত ককটেল ও পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু গুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। 
খোর্দ্দকোমরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজলার রহমান প্রধান জানান, ব্যক্তিগত কাজে তিনি ঢাকায় ছিলেন। এই খবর পেয়ে বাড়ি ফিরছেন।