গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪৭ শতাংশ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৭:৪৪
 
 
 
 
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৯৫৫ কোটি ২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮০২ কোটি ২৩ লাখ টাকা। অর্থাত্, এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৪৭ শতাংশ। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থায় বিনিয়োগকারীরা এখনো অভ্যস্ত হয়ে উঠেননি। তা ছাড়া এ লেনদেন ব্যবস্থায় বিনিয়োগকারীদের কিছুটা সমস্যাও হচ্ছে তাই লেনদেন কমে গেছে। এ বিষয়গুলো সমাধান করা হলেই বাজারে লেনদেন বাড়বে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
বিনিয়োগকারীরা বলছেন, গত ১১ ডিসেম্বর স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর পর থেকে একই কোম্পানির শেয়ার এক দিনে কেনাবেচার সুবিধা (নেটিং) বন্ধ হয়ে যায়। এতে বিনিয়োগকারীরা নেটিং করতে পারছেন না। ফলে তাদের লেনদেন কমে গেছে। এতে বাজারের লেনদেনও কমে গেছে। এ জন্য বিনিয়োগকারীরা দ্রুত নেটিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। এরই মধ্যে ডিএসই কর্তৃপক্ষ নেটিং সুবিধা চালুর বিষয়ে পদক্ষেপ নেবে বলেও জানিয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নেটিং ব্যবস্থা চালুর পাশাপাশি নতুন লেনদেন ব্যবস্থায় বিনিয়োগকারীরা অভ্যস্ত হয়ে উঠলেই বাজারে লেনদেন বেড়ে যাবে।
ডিএসইর লেনদেনের সাপ্তাহিক বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ কোম্পানির শেয়ারদর বেড়েছে প্রায় সাড়ে ১৪ শতাংশ। এ ছাড়া, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দাম বেড়েছে সাড়ে ১৩ শতাংশ, আরএকে সিরামিকসের দাম বেড়েছে প্রায় সাড়ে ১১ শতাংশ এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের দাম বেড়েছে সাড়ে ১১ শতাংশ। আর এ সপ্তাহে দাম কমার শীর্ষে ছিল আজিজ পাইপস। এ কোম্পানির শেয়ারদর কমেছে প্রায় সাড়ে ২৩ শতাংশ। এ ছাড়া, যমুনা অয়েলের দাম কমেছে সাড়ে ১৬ শতাংশ, অলটেক্স ইন্ডাস্ট্রিজের দাম কমেছে প্রায় ১৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের দাম কমেছে সাড়ে ১০ শতাংশ এবং আর এন স্পিনিং মিলসের দাম কমেছে ১০ শতাংশেরও বেশি।
এ দিকে, গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল অগ্নি সিস্টেমস। এ কোম্পানির ৩৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহ থেকে প্রায় সাড়ে ৮ শতাংশ বেশি। এ ছাড়া, ফু-ওয়াং ফুডসের ৩০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২৯ কোটি টাকার শেয়ার, স্কয়ার ফার্মার ২৫ কোটি টাকার, সামিট এলায়েন্সের ২৫ কোটি টাকার এবং লাফার্জ সুরমা সিমেন্টের ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।