অস্ট্রেলিয়ার কেয়ার্নস শহরের একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া আট শিশুর মধ্যে সাতটি শিশুর ৩৭ বছর বয়সী মা’কে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। শনিবার অস্ট্রেলীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই নারী মানসিকভাবে সুস্থ্য আছেন এবং তিনি তদন্তকরীদের সঙ্গে কথাবার্তা বলছেন।
এই গ্রেফতারের কথা নিশ্চিত করে কেয়ার্নসের গোয়েন্দা কর্মকর্তা ব্রুনো অসনিকার বলেছেন, নিহত শিশুদের বেশ কয়েকজনের ৩৭ বছর বয়সী মা এই ঘটনার সঙ্গে জড়িত, রাতে সংঘটিত এই হত্যাকাণ্ডের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে এবং সে কেয়ার্নস বেইস হাসপাতালে পুলিশি পাহারায় আছে।
শুক্রবার সকালে গ্রেফতার নারীর ২০ বছর বয়সী ছেলে বাড়িতে উপস্থিত হলে লাশগুলো আবিষ্কৃত হয় বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নিহত শিশুদের জন্য মোমবাতির আলোয় শোক মিছিল ও গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এই হত্যাকাণ্ডকে “বর্ণনার অযোগ্য অপরাধ” বলে মন্তব্য করেছেন অস্ট্রেলীয় প্র্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
