দেশের পূর্ব ও পূর্ব দক্ষিণ এলাকার দূরপাল্লার যানবাহন বগুড়ায় ঢুকতে না পারায় শনিবার ভোর থেকে দুপর পর্যন্ত সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশাল যানজটের সৃষ্টি হয়। ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে শিশু নারী ও বৃদ্ধ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
ঢাকা চট্রগ্রাম ও সিলেট থেকে ছেড়ে আসা কয়েক শত যানবাহন আটকা পড়ে উপজেলার হাটিকুমরুল চৌরাস্তা (সিরাজগঞ্জ রোড) থেকে চান্দাইকোনা সীমাবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার বিশাল যানজটের সৃষ্টি হয়। বগুড়ায় বিএনপির ডাকা অর্ধদিবসের হরতালের কারণে এই যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।
আটকা পড়া যানবাহনের যাত্রী ও চালকেরা জানান-এই হরতালে বিষয়ে তারা কিছুই জানেন না। হরতাল শেষে দুপুরের পর থেকে যানবাহন চলাচল শুরু হলে বেলা দেড়টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
