জেলা আওয়ামী লীগের সঙ্গে বিরোধের পর এবার সদর উপজেলা আওয়ামী লীগের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। সদর উপজেলার ১০টি ইউনিয়ন কমিটি একযোগে বিলুপ্তি করে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সদর উপজেলা ও মহানগর আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে রয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে কাজ করায় নতুন এ বিরোধ তৈরি হয়েছে বলে মহানগর আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছে। অন্যদিকে সদর উপজেলা আওয়ামী লীগ নেতারা বলছেন, মহানগর এখতিয়ারের বাইরে হস্তক্ষেপ করতে গিয়েই বার বার দলের মধ্যে বির্তক সৃষ্টি করছে।
দলীয় সূত্র জানায়, গত ১৪ ডিসেম্বর হঠাত্ করেই বরিশাল সদর উপজেলার সভাপতি মনিরুল ইসলাম ছবি ১০টি ইউনিয়ন কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন। সদর উপজেলা আওয়ামী লীগের এ পদক্ষেপ গঠনতন্ত্র মোতাবেক করা হয়নি বলে শুক্রবার রাতে পত্রিকা অফিসে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে অভিযোগ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জলকে উদ্ধৃত করে জানান, কমিটি বিলুপ্ত ঘোষণা অবৈধ। অ্যাডভোকেট আফজাল অভিযোগ করেন সদর উপজেলার সভাপতি মনিরুল ইসলাম ছবি এখতিয়ার বহির্ভুতভাবে সম্প্রতি আওয়ামী লীগের ১০টি ইউনিয়ন কমিটি ভেঙ্গে অবৈধভাবে বিলুপ্ত করেছেন। এখতিয়ার বহির্ভুত এ সিদ্ধান্তের কোন ভিত্তি নেই। গঠনতন্ত্র অনুযায়ী সদর উপজেলা আওয়ামী লীগের কোন কমিটি গঠন কিংবা বিলুপ্ত করলে তা মহানগর নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই করার বিধান রয়েছে। কিন্তু গঠনতন্ত্রকে উপেক্ষা করে একক সিদ্ধান্তে ১০টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। আফজালুল করিম ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকদের পূর্বের ন্যায় সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, মনিরুল ইসলাম ছবি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণেই ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের মতামত নিয়ে নতুন ইউনিয়ন কমিটি গঠন করা হবে। তৃণমূল নেতাদের মতামত নিয়েই সংগঠনের কার্যক্রম চলবে। তিনি বলেন, মহানগর, জেলা বা সদর উপজেলা থেকে পছন্দের লোকদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বা সম্পাদক হিসাবে চাপিয়ে দিলে সংগঠনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করেন না। এই ১০ ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকরা দলীয় সুবিধা ভোগ করলেও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সাথে কোন যোগাযোগ রাখছেন না। তাই আওয়ামী লীগকে নতুন করে গ্রামগঞ্জে ঢেলে সাজানোর জন্য নতুন নেতৃত্ব আনা হচ্ছে।
প্রসঙ্গত: বরিশাল মহানগর আওয়ামী লীগের সাথে জেলা আওয়ামী লীগের বিরোধ দীর্ঘদিনের। যেসব ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে তা মহানগর অওয়ামী লীগের সভাপতি প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের গঠন করা। দু’ সদস্য বিশিষ্ট সদর উপজেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি মনিরুল ইসলাম ছবি জেলা আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সমর্থিত হিসাবে পরিচিত। আর সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জল মহানগর আওয়ামী লীগ সমর্থিত হিসাবে পরিচিত।
