বগুড়া -ঢাকা মহাসড়কে বগুড়ার শাজাহানপুরে বাস চাপায় নারী ও শিশুসহ দুইজন নিহত হয়েছে। তারা সম্পর্কে চাচী ভাতিজা । আহত হয়েছেন আরও দুইজন। শনিবার রাতে শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরের সামনে এই দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন উপজেলার চোপীনগর ইউনিয়নের বিরিকুল্যা গ্রামের আব্দুল করিম সরকারের ছেলে মিরাজুল (১০) এবং রফিকুল ইসলামের স্ত্রী ও নিহত মিরাজুলের চাচী জান্নাতি (২৮)। আহত হয়েছে মিরাজুলের মা ডেইজি বেগম (৩২) এবং নিহত জান্নাতীর শিশুকন্যা মৌ (৩)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে কোচযোগে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় ছেলেমেয়েসহ মাঝিড়া বন্দরে এসে নামেন ডেইজি ও জান্নাতি। তারা বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এ সময় বগুড়া থেকে শেরপুরগামী করতোয়া গেটলক পরিবহনের একটি মিনিবাস (বগুড়া-ব-৫২২৯) তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিরাজুল নিহত হয়। আহত হয় অপর ৩জন । পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে জান্নাতির মৃত্যু হয়। অপর আহতদের মধ্যে ডেইজি বেগমের অবস্থা আশংকাজনক। তবে শিশু মৌ সুস্থ্য রয়েছে।
এদিকে ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাসের চালক সুজিব সাহাকে আটক করেছে। সে জেলার শেরপুর উপজেলার গোসাইপাড়ার মৃত রমণী সাহার ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বাসচাপায় ২ জন নিহতের বিষয়টি সহ বাস চালককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
