কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের জেরে ৯টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় ভাংচুর করা হয়েছে ২০টি বাড়ি। এঘটনায় এখনো মামলা দায়ের না হলেও ঘটনার সাথে জড়িত সন্দেহে পারভেজ গ্রুপের রকি ও রিন্টু নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার রাতে মিরপুরের পোড়াদহে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ ও উপজেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান পারভেজ গ্রুপের মধ্যে সংঘর্ষে নূর ইসলাম (৫৫) নামে একজন নিহত হন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোশাররফ গ্রুপের সমর্থকরা পারভেজ গ্রুপের সমর্থকদের ১১টি বাড়িতে অগ্নিসংযোগ ও ২০টি বাড়ি ভাংচুর করে। কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
