চাঁদপুরের কচুয়া উপজেলার তালতলী-বাতাবাড়িয়া সড়কে ৩৫/৩৬ বছর বয়সী এক অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতের কোন এক সময় মহাসড়কের আইনগিরি ভুইয়া বাড়ি সংলগ্ন রাস্তার পাশে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়।
জানা গেছে, রবিবার সকালে পথচারীরা ওই সড়কে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশের মুখে ও মাথায় ধারালো অস্ত্রের উপর্যুপরি কোপের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় ১‘শ গজ দূরে গ্রামীণ সরু পথের উপর ওই নারীর কাটা চুল, পায়ের জুতা, ভাঙ্গা দাঁত ও ধারালো ছুরি পাওয়া গেছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা করেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত ওই নারীর পরিচয় জানতে এবং হত্যাকারীদের সনাক্ত করতে জোর তৎপরতা চলছে।
