সাত খুন: র‌্যাব সদস্য আসাদুজ্জামান ৭ দিনের রিমান্ডে

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৬:৪২
 
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুইটি মামলায় গ্রেফতারকৃত র‌্যাব-১১ এর সিপাহী সাবেক সেনা সদস্য আসাদুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 
রবিবার সকালে তাকে গ্রেপ্তারের পর দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনের আদালতে প্রেরণ করা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। 
মামলাটির তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল জানান, আসাদুজ্জামান সাবেক সেনা সদস্য ও র‌্যাব-১১ তে সিপাহী পদে কর্মরত ছিলেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান জানান, রবিবার আসাদুজ্জামানকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, সাত খুনের ঘটনায় নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও অ্যাডভোকেট চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে পৃথকভাবে দুইটি মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ৭ খুনের দু’টি মামলায় এ পর্যন্ত র‌্যাবের ১৭ জন সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র‌্যাব কর্মকর্তাসহ ১৮ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এছাড়াও ঘটনার সাক্ষী হিসেবে ইতিমধ্যে ১৬ জন আদালতে সাক্ষী জবানবন্দি দিয়েছেন। গত ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।